কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
শিক্ষা সংস্কার ও শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রোববার (২০ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসক, কুষ্টিয়ার মাধ্যমে স্মারকলিপিটি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সুদীর্ঘ সাড়ে পনের বছরের ফ্যাসিবাদী শাসনের জুলুম, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত “দ্বিতীয় স্বাধীনতার সূর্যোদয়”—৫ আগস্ট ২০২৪—বাংলাদেশে নতুন আশার সঞ্চার করেছে। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি জানায়, এই অর্জিত স্বাধীনতার চেতনায় শিক্ষা ব্যবস্থার সংস্কার এখন সময়ের দাবি।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন তাদের স্মারকলিপিতে উল্লেখ করে, “সামাজিক অবক্ষয় রোধ ও একটি আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষানীতি ও শিক্ষাক্রমে সঠিক দিকনির্দেশনার অভাবে শিক্ষার মান অবনত হয়েছে।”
ফেডারেশনটি অভিযোগ করে, বিগত সরকার ২০১০ সালে প্রণীত শিক্ষানীতির মাধ্যমে ২০২২ সাল থেকে যে শিক্ষাক্রম চালু করেছে, সেখানে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের জায়গায় “বিদয়াত ও শিরকিয়াত” নামের বিভ্রান্তিকর বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই শিক্ষাক্রমে নৈতিক শিক্ষা ও কর্মমুখী বাস্তব শিক্ষা উপেক্ষিত হয়েছে বলে সংগঠনের দাবি।
ফেডারেশন মনে করে, একটি জাতিকে গঠন করতে হলে যুগোপযোগী, নৈতিক ও মূল্যবোধনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিপ্লব-পরবর্তী বাংলাদেশের চাহিদা অনুযায়ী শিক্ষা কাঠামো সংস্কারে অবিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় তারা।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ হিসেবে স্মারকলিপিতে উপস্থাপন করা হয়—১. বাড়ি ভাতা ৪৫ শতাংশে উন্নীত করা, ২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ, ৩. শতভাগ উৎসব ভাতা প্রদান, ৪. প্রস্তাবিত ১,০৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা, ৫. নন-এমপিও শিক্ষক ও প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, ৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা পরিশোধ, ৭. স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, “শিক্ষা সংস্কার ও শিক্ষকদের আর্থসামাজিক সুরক্ষা ছাড়া জাতি গঠনের স্বপ্ন পূরণ সম্ভব নয়।” তারা আশা প্রকাশ করেন, সরকারের শিক্ষা উপদেষ্টা দ্রুত এই সংস্কার প্রস্তাবনা ও দাবিসমূহ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন।
শিক্ষকদের দাবি বাস্তবায়নে সরকার ইতিবাচক সাড়া দেবে—এই প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |