কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গন দিন দিন আরও সরগরম হয়ে উঠছে। শীতের কুয়াশা ভেদ করে ভোরের আলো ফোটার আগেই গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন প্রার্থীরা। এই উত্তপ্ত নির্বাচনী বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার খান ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব মো. আনোয়ার খান দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার খোকসা উপজেলা সভাপতি হিসেবে নিষ্ঠা ও সততার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন হাতপাখা প্রতীকের বার্তা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিনই তাঁকে দেখা যাচ্ছে পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও গণসমাবেশে। সম্প্রতি তাঁর নেতৃত্বে আয়োজিত একাধিক মোটরসাইকেল শোডাউন এলাকাজুড়ে সৃষ্টি করেছে ব্যাপক সাড়া। এসব কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কুষ্টিয়া-৪ আসনের রাজনৈতিক মাঠে নতুন মাত্রা যোগ করেছে।
প্রচারণাকালে আনোয়ার খান বলেন,“দুর্নীতি ও বৈষম্যের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপসহীন। জনগণ যদি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাদের সুযোগ দেন, ইনশাআল্লাহ আমরা মানুষের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করব।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরেই হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী রাজনীতিতে সক্রিয়। সহজে চেনা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এই প্রতীক ভোটারদের মধ্যে আলাদা আস্থা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
শুধু নির্বাচনী মাঠেই নয়, সামাজিক ও ধর্মীয় পরিসরেও আনোয়ার খানের সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। মসজিদ-মাদ্রাসা, হালকা মাহফিল, সামাজিক সংকট ও স্থানীয় সমস্যা সমাধানে তাঁকে নিয়মিত মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়। এতে গ্রামীণ জনগোষ্ঠীসহ প্রবাসী-নির্ভর পরিবারগুলোর মাঝেও তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে বলে দাবি দলীয় নেতাদের।
এদিকে আসন্ন নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি আসনেই সাংগঠনিক শক্তি জোরদার করতে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০১৮ সালের নির্বাচনে উল্লেখযোগ্য ভোট প্রাপ্তির অভিজ্ঞতা এবং ২০২৪-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দলটি এবার আরও সংগঠিত ও আত্মবিশ্বাসী হয়ে এগোচ্ছে।
জেলা নেতাদের মতে, প্রচলিত প্রধান রাজনৈতিক দলগুলোর বাইরে সাধারণ মানুষ এখন একটি বিকল্প শক্তির সন্ধান করছে। সেই আস্থার জায়গা তৈরিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকটাই সফল হয়েছে। যদিও আওয়ামী লীগ ও বিএনপির দীর্ঘদিনের প্রভাব, অন্যান্য ইসলামপন্থি দলের সক্রিয়তা এবং অর্থ ও এজেন্ট নেটওয়ার্কের সীমাবদ্ধতা হাতপাখা প্রতীকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে এবং তরুণ ও ধার্মিক ভোটারদের সমর্থন অব্যাহত থাকলে কুষ্টিয়ার চারটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি জয়ী হোক বা না হোক—ফল নির্ধারণে হাতপাখা প্রতীক একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সেই উত্তাল বাস্তবতায় কুষ্টিয়া-৪ আসনে হাতপাখার প্রার্থী আনোয়ার খান আশাবাদী—জনগণের রায়েই বদলে যাবে এই জনপদের রাজনৈতিক হিসাব-
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |