কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, খুলনা মহসিন কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম ওরফে ভিপি শহিদ শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।
সকালে পাটিকাবাড়ী ইউনিয়নের নিজ গ্রাম খেজুরতলা থেকে শোভাযাত্রার সূচনা হয়। এরপর কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আওতাধীন সাতটি ইউনিয়ন জুড়ে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পথে পথে সাধারণ ভোটারদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি”র লিফলেট বিতরণ করেন ভিপি শহিদ।
লিফলেট বিতরণকালে ভিপি শহিদ বলেন, “রাষ্ট্র কাঠামো আজ ভেঙে পড়েছে। জনগণের ক্ষমতা প্রশাসনিক দুর্নীতি ও দলীয় প্রভাবের নিচে চাপা পড়ে গেছে। বিএনপির ৩১ দফা হলো এক নতুন সামাজিক চুক্তির রূপরেখা, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা হবে।”
তিনি আরও বলেন, “এই কর্মসূচির মূল লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। কুষ্টিয়া সদর আসনে আমার প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা রয়েছে। ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাবো।”
শোভাযাত্রা ও লিফলেট বিতরণে বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পুরো এলাকাজুড়ে শোভাযাত্রাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, কুষ্টিয়ায় এত বড় মোটরসাইকেল শোডাউন এই প্রথম দেখা গেল। এতে স্পষ্ট হয়েছে—কুষ্টিয়া সদর আসনে ধানের শীষের যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে ভিপি শহিদ বর্তমানে জনগণের কাছে শীর্ষ অবস্থানে রয়েছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |