কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ বটতলী ইউনিয়নের আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক, সুপরিচিত লেখক ও দুঃসাহসিক সাংবাদিক ওয়াহেদুজ্জামান অর্কের প্রতি শেষ শ্রদ্ধা ও সমবেদনা জানালো সংগঠনটির নেতাকর্মীসহ অসংখ্য শ্রদ্ধাভাজন মানুষ। সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চায় তাঁর অসামান্য অবদান স্মরণ করতে সকাল থেকেই খাজানগর আদর্শ পাড়া ঈদগাহ মাঠে মানুষ সমবেত হতে থাকে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয় তাঁর জানাজার নামাজ। জানাজা শেষে পার্শ্ববর্তী গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।
দাফনের পর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের পক্ষ থেকে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রিয় সংগঠক ও সহমর্মী মানুষটি আর নেই—এই শোকবেদনাই যেন উপস্থিত সবার চোখে-মুখে স্পষ্ট হয়ে ওঠে।
ওয়াহেদুজ্জামান অর্কের মৃত্যুতে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গন, সাহিত্যচর্চা, সাংবাদিক সমাজ এবং শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনে নেমে এসেছে শূন্যতা। জানাজায় শত শত মানুষ উপস্থিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ বটতলী ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য—গীতিকার আজব আলী, তোরাব আলী বেপারী, মো. টলেন মোল্লা, আলামিন, জুয়েল, মোরাদ আলী বেপারী ও সাইফুল শেখসহ অনেকে তাঁর প্রতি শেষ বিদায় জানাতে শামিল হন। এছাড়া বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কুষ্টিয়া জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানও উপস্থিত ছিলেন।
শ্রমজীবী মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে তুলে ধরতে ওয়াহেদুজ্জামান অর্ক ছিলেন এক সাহসী কণ্ঠস্বর। তাঁর লেখনী ছিল প্রতিবাদের দীপ্তিতে উজ্জ্বল, আচরণে ছিল সহজ-সরলতা আর মানবিকতার ছোঁয়া। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি সবসময় শ্রমজীবী মানুষের কথা তুলে ধরেছেন বলিষ্ঠ স্বরে। তাঁর অকাল প্রয়াণে এক নিষ্ঠাবান সমাজকর্মী ও মানবিক মানুষকে হারাল কুষ্টিয়া।
মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবার-পরিজন, সহকর্মী, পাঠক এবং শুভানুধ্যায়ীরা বলেন—“অর্ক ছিলেন আমাদের প্রেরণা, সাহস ও আলোর দিশা।”
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘসহ সাংস্কৃতিক, সাহিত্য ও সামাজিক অঙ্গনের বিভিন্ন স্তরের মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।
মানবিকতা, সাহস এবং কলমের শক্তিতে যিনি সমাজকে বদলে দিতে চেয়েছিলেন—ওয়াহেদুজ্জামান অর্ক কুষ্টিয়ার মানুষের হৃদয়ে থাকবেন দীর্ঘকাল।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |