মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর-৩ আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের মনোনীত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজার সমর্থনে বর্ণাঢ্য নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকার ১১, ১২ ও ২১ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে এ মিছিল বের করা হয়। দলীয় ব্যানার, ফেস্টুন ও প্রতীক হাতে নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিছিল ও সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য অধ্যাপক রাজিউদ্দিন শাহীন, কুষ্টিয়া জেলা পেশাজীবী থানার সভাপতি মাহবুবুর রহমান, কুষ্টিয়া শহর শাখার সূরা কর্মপরিষদের সদস্য ও ১২ নম্বর ওয়ার্ডের আমির খাইরুল ইসলাম, শহর শাখার ২১ নম্বর ওয়ার্ডের আমির আমিরুল ইসলাম (বাবলু) এবং ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি শওকত আকবর।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দলীয় প্রার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কুষ্টিয়া সদর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা জোরদার হচ্ছে। ফলে ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ ও আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |