কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আলোচিত দরবার প্রধান আব্দুর রহমান শামীম (৬৫) হত্যা মামলায় প্রধান আসামিসহ দুই এজাহারভুক্ত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন আসামিরা। উভয় পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ এনায়েতুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন আবেদনকারী দুই আসামি হলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ এবং দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আসাদুজ্জামান। খাজা আহম্মেদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আবুল কালামের ছেলে এবং আসাদুজ্জামান উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, এর আগে তারা উভয়েই মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, দৌলতপুর উপজেলার দরবার প্রধান আব্দুর রহমান শামীম হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |