কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
শিক্ষা ও উচ্চশিক্ষার অঙ্গনে নতুন দায়িত্বে অভিষিক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বরেণ্য শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে বরণ করে নিয়েছে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিবার, কুষ্টিয়া। দীর্ঘদিনের প্রজ্ঞা, মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রফেসর ড. মো. ইদ্রিস আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় এ শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষাঙ্গনে দুই গুণী শিক্ষকের নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে এডুকেয়ার পরিবারের এ আয়োজন যেন ছিল সাফল্যের প্রতি সম্মান ও যোগ্য নেতৃত্বের প্রতি আস্থার প্রতীক। এ সময় তাঁদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নতুন দায়িত্বে সাফল্য কামনা করা হয়।
এডুকেয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়, শিক্ষা কেবল জ্ঞান বিতরণের মাধ্যম নয়; একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান শক্তি। আর সেই শক্তিকে এগিয়ে নিতে প্রয়োজন সৎ, দক্ষ, প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতৃত্ব। প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন ও প্রফেসর ড. মো. ইদ্রিস আলীর মতো অভিজ্ঞ শিক্ষাবিদদের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়া উচ্চশিক্ষাঙ্গনের জন্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁদের মেধা, অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতি সঞ্চারিত হবে। একই সঙ্গে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার বিস্তার এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শুভেচ্ছা অনুষ্ঠানে এডুকেয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘শিক্ষকের সম্মানই জাতির সম্মান। যোগ্য ও মেধাবী মানুষের সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়; সেই সাফল্য গোটা সমাজ ও জাতির জন্য অনুপ্রেরণার উৎস।’
দুই বরেণ্য শিক্ষকের নতুন দায়িত্বকে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় একটি ইতিবাচক সংযোজন হিসেবে উল্লেখ করে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিবার। তাঁদের প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে উচ্চশিক্ষার অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার আরও উন্মোচিত হবে—এমন প্রত্যাশাই এখন সংশ্লিষ্টদের।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |