কুষ্টিয়া প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগকে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অনুপ্রেরণা হিসেবে ধারণ করার আহ্বানে কুষ্টিয়ায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগের মূল্য নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁদের আত্মত্যাগ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তা হৃদয়ে ধারণ করাই হবে জাতির প্রতি প্রকৃত দায়িত্ব। তিনি মুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুধীজন, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়। শহিদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় স্মরণ করে তাঁদের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |