কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ উঠেছে। সংগঠনটির নেতাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদলের সাংগঠনিক ঐক্যে ফাটল সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নানা ধরনের তথ্য ছড়িয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম ও অভ্যন্তরীণ ঐক্যকে প্রশ্নবিদ্ধ করতে ‘ভুঁইফোড় ও ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। তবে তাদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও দাবি করা হয়।
নেতাদের ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতি-আদর্শে বিশ্বাসী শ্রমিকদল শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য দাবি ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। অথচ সংগঠনের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করার লক্ষ্যেই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ভিত্তিহীন তথ্য প্রচার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ নেতাকর্মীদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে তারা নেতাকর্মীদের গুজব, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শ্রমিকদল নেতারা আরও বলেন, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা সাংগঠনিকভাবে অবস্থান নেবেন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তাদের দাবি, ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না। শ্রমিকদল কুষ্টিয়া জেলা শাখা সাংগঠনিক ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দলের নীতি-আদর্শ অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের পাশে থাকবে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |