কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তিনি ৭ অক্টোবরকে জাতীয়ভাবে “আধিপত্যবাদবিরোধী দিবস” ঘোষণার দাবি জানান।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার পর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি, প্রতিবছর যেন ৭ অক্টোবরকে আধিপত্যবাদবিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও দেশের প্রতিটি ক্যাম্পাসে এই দিনটিকে আগ্রাসনবিরোধী দিবস হিসেবে পালন করবে বলে আমরা আশা করি। ডাকসুর পক্ষ থেকেও আমরা এই দিনটিকে আধিপত্যবাদবিরোধী দিবস হিসেবে ঘোষণা করছি।
শহীদ আবরারকে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক আখ্যা দিয়ে সাদিক কায়েম বলেন, “শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই খুনি হাসিনা ও তাঁর দোসররা (নিষিদ্ধ ছাত্রলীগ) আবরার ভাইকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। আবরার আমাদের যে চেতনা দেখিয়ে গেছেন, সেটির ভিত্তিতেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন চলাকালে ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসগুলোতে গণরুম কালচার চালু করে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে। ভারতের প্রেসক্রিপশনে দেশের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি নিয়ন্ত্রিত হয়েছে। এই অবস্থার বিরুদ্ধে আবরার প্রতিবাদ করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি বলেন, “আজ জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলো। শহীদেরা বৈষম্যবিরোধী ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার সেই আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করতে পারছে না, যা আমাদের ব্যথিত করেছে। আমরা সতর্ক করে বলতে চাই, যদি সেই আকাঙ্ক্ষাকে ধারণ না করা হয়, তবে খুনি হাসিনা ও ফ্যাসিবাদীদের চেয়েও ভয়াবহ পরিণতি বর্তমান সরকারের হতে পারে।
আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় তাঁর বাবা বরকত উল্লাহ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হোসাইন, শাকিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |