| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় শীতের সবজিতে বাজারে স্বস্তি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 28-10-2025 ইং
  • 84509 বার পঠিত
কুষ্টিয়ায় শীতের সবজিতে বাজারে স্বস্তি
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় শীতের সবজিতে বাজারে স্বস্তি

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার বাজারে ধীরে ধীরে সরবরাহ বাড়ছে শীতকালীন শাকসবজির। ফলে গত সপ্তাহের তুলনায় সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। দাম কমতে শুরু করেছে ডিমেরও, তবে তেল, চিনি ও লবণের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি।

বিক্রেতারা জানান, অধিক মুনাফার আশায় কৃষকরা এখন আগাম শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় মৌসুমের শুরু থেকেই বাজারে এসেছে হরেক রকম সবজি। এতে গত কয়েক সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই কমেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায় কুষ্টিয়া শহরের বড়বাজার, মিউনিসিপাল বাজার ও জগতি বাজারে শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায়, মুলা ৫০ থেকে ৬০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। লাউয়ের দামও ৪০ থেকে ৫০ টাকার মধ্যে।

ক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বেড়েছে বলে আগের তুলনায় এখন দামে স্বস্তি। এক ক্রেতা সজল হোসেন জানান, “গত সপ্তাহে ২০০ টাকা কেজি দরে শিম কিনেছিলাম, আজ নিচ্ছি ১১০ টাকায়। মুলা আর কপির দামও অন্তত ২০ টাকা কমেছে।”

বিক্রেতারা আশা করছেন, সামনে আরও সবজি বাজারে আসবে, ফলে দাম আরও কিছুটা কমবে। “আরও এক-দুই সপ্তাহের মধ্যে সরবরাহ দ্বিগুণ হবে,” জানান সবজি বিক্রেতা রবিউল ইসলাম।

এদিকে গ্রীষ্মকালীন সবজির দামও কিছুটা কমতে শুরু করেছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে, গোল বেগুন ৮০-১০০ টাকায়, যা দুই সপ্তাহ আগেও ছিল ১৫০ টাকা। চিচিঙ্গা, করলা, ঝিঙ্গা, ধুন্দল ও পটল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, পেঁপে ২০-৩০ টাকায়। বরবটির দাম অবশ্য অপরিবর্তিত, কেজিপ্রতি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, আলুর দাম কেজিপ্রতি ২০-২৫ টাকায় স্থিতিশীল রয়েছে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৫০ থেকে ৭০ টাকায়।

সবমিলিয়ে, শীতের আগমনের সঙ্গে কুষ্টিয়ার বাজারে সবজির দামে ফিরছে স্বস্তি, স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতার মুখেও।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম