কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নারী শ্রমিক। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে মারা যান। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার মশান এলাকার ব্র্যাক অফিসের সামনে।
নিহতরা হলেন—মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের শাহাবুলের স্ত্রী বিউটি খাতুন (৪০) এবং একই উপজেলার যুগীপোল গ্রামের মৃত নান্নুর স্ত্রী লতিফা বেগম (৬৫)। আহত দুই নারী শ্রমিক হলেন তাসলিমা খাতুন (৪৫) ও রিতা খাতুন (৩৫)। তারা স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার রাতে চারজন নারী শ্রমিক ভ্যানে করে স্থানীয় গ্লাস ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হলে লতিফা বেগমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের দাবি, আঞ্চলিক সড়কটিতে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ফলে দুর্ঘটনা বাড়ছে দিন দিন। তারা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |