কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে পৌষ মেলায় মায়ের সঙ্গে ঘুরতে এসে সিজান (৭) নামের হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের এনএস রোডের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত তমিজ উদ্দিন মার্কেট থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। উদ্ধার হওয়া সিজান কুষ্টিয়ার চৌড়হাস গোরস্থানপাড়া এলাকার রইচ উদ্দিনের ছেলে এবং কুমারগাড়া পাইলট স্কুলের কেজি শিক্ষার্থী।
র্যাব সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে পৌষ মেলায় মায়ের সঙ্গে ভিড়ের মধ্যে পথ হারিয়ে ফেলে সিজান। পরে মাকে খুঁজতে খুঁজতে পাঁচ রাস্তার মোড়ের তমিজ উদ্দিন মার্কেটে এসে কান্নাকাটি করতে থাকে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে র্যাব সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
শিশুটির পরিচয় সম্পর্কে জানতে চাইলে সে শুধু নিজের নাম, বাবা-মায়ের নাম বলতে সক্ষম হয়। এরপর র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডারের নির্দেশে র্যাবের কুষ্টিয়া সদর, মিরপুর এফএস টিমসহ একাধিক টিম দ্রুত গোয়েন্দা কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার মধ্যেই সিজানের পরিবারের সন্ধান করে র্যাব।
পরে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার নানা ও মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, মেলায় ভিড়ের কারণে শিশু হারানোর ঘটনা প্রায়ই ঘটে। তাই অভিভাবকদের আরও সচেতন থাকার পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |