কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করানো এবং ভারী পানির পাত্র বহন করানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ৩৫ নং ছেঁউড়িয়া জয়নাবাদ মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
অভিভাবকদের অভিযোগ, সন্তানদের লেখাপড়া শেখার জন্য বিদ্যালয়ে পাঠানো হলেও অনেক সময় তাদের দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করানো হয়। যদিও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার রাখা একটি ভালো অভ্যাস, তবে নিয়মিতভাবে ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে এ ধরনের শ্রমসাধ্য কাজ করানো কতটা যৌক্তিক—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ে পরিচ্ছন্নতার জন্য কর্মচারী নিয়োগ থাকলেও বাস্তবে শিক্ষার্থীদেরই বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের পানিতে অতিরিক্ত আয়রনের উপস্থিতির কারণে শিক্ষকরা সেই পানি ব্যবহার না করে শিক্ষার্থীদের দিয়ে বাইরে থেকে পানি আনিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। অনেক সময় বড় পানির পাত্র বহন করতে দুইজন শিক্ষার্থীকেও হিমশিম খেতে দেখা যায়।
একাধিক অভিভাবক জানান, “আমরা সন্তানদের মানুষ করার স্বপ্ন নিয়ে স্কুলে পাঠাই। কিন্তু যদি তাদের পড়াশোনার বদলে এসব কাজে ব্যস্ত রাখা হয়, তাহলে শিক্ষার মান কীভাবে উন্নত হবে?”
এদিকে বিদ্যালয়ে বর্তমানে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম চালু থাকলেও সেই খাবারের সঠিক বণ্টন নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে। কেউ কেউ দাবি করেছেন, প্রকৃত শিক্ষার্থীরা সবসময় সমানভাবে সুবিধা পাচ্ছে না।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |