কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২২ নভেম্বর ২০২৫ শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে। নির্ধারিত ব্যানারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমবেত হবেন। সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। এসময় উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান।
এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে স্ব-স্ব হলের প্রভোস্টরা জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন। এরপর ব্যানারসহ শিক্ষার্থীরা মূল অনুষ্ঠানস্থলে যোগ দেবেন।
পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেবেন। পরে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী পর্ব শেষে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হবে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, অফিস, হল এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব ব্যানারসহ অংশ নেবেন। রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র নিয়ে র্যালিতে অংশগ্রহণ করবে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে এসে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য।
দিবসটি উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। সভাপতিত্ব করবেন উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান।
বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেলে মিলনায়তনে প্রদর্শিত হবে ইরানি চলচ্চিত্র।
দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর তিন দিনব্যাপী আলোকসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান সড়কগুলো রঙিন পতাকা ও আলপনা অঙ্কন দিয়ে সাজানো হবে।
৪৭তম বিশ্ববিদ্যালয় দিবসের সব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ অনুরোধ জানিয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |