কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কৃষক সংগ্রাম সমিতির ১০ম জেলা সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি হল রুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে আবুল কাশেমকে সভাপতি, মোকতারুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং হারুন উর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুর হাবিব। শুরুতে সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কৃষক নেতা শাহজাহান কবির। তিনি বলেন, “বাংলাদেশে ভূমিহীন ও দরিদ্র কৃষকের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে। কিন্তু কৃষক তার উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছে না, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী চক্র।”
তিনি আরও বলেন, “বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে জড়িয়ে ফেলার নানা উদ্যোগ চলছে। কৃষক-শ্রমিক-জনগণের অধিকার রক্ষায় সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামকে জোরদার করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শামিমুল হক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আগত অতিথিরা। শুভেচ্ছা বক্তব্য দেন ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক, পাবনা জেলা সভাপতি সাইদার রহমান, মেহেরপুর জেলা এনডিএফের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং কুষ্টিয়া জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সোলায়মান পারভেজ।সম্মেলনে বিগত কমিটির কর্মকাণ্ডের লিখিত প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মোকতারুল ইসলাম মুক্তি।
সম্মেলন শেষে লাল পতাকা মিছিল বের হয়ে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত ২১ সদস্যের কুষ্টিয়া জেলা কমিটিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শামিমুল হক।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |