কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
হাড়কাঁপানো শীতের সকালে সীমান্তঘেঁষা জনপদের অসহায় মানুষের মুখে ফিরল প্রশান্তির হাসি, আর কোমলমতি শিক্ষার্থীদের চোখে জ্বলজ্বল করল স্বপ্নের দীপশিখা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর মানবিক উদ্যোগে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অধীনস্থ আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ ক্রফোর্ট নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের হাতে খাতা, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিতরণকালে অধিনায়ক বলেন, “সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। শীতের কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিজিবি’র অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবি’র এই মানবিক সহায়তায় স্থানীয় জনগণ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিতভাবে সক্রিয় ভূমিকা রেখে চলেছে—যা সীমান্ত জনপদের মানুষের জীবনকে নিরাপত্তা ও সহমর্মিতার বন্ধনে আরও দৃঢ় করছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |