কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় একাত্তর টেলিভিশন ও চ্যানেল ২৪ অফিসে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনার মাত্র এক দিনের মধ্যেই তিনটি চুরি হওয়া ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত তিন চোরকে আটক করতেও সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল ২৪ কুষ্টিয়া অফিসকে লক্ষ্য করে সংঘবদ্ধ চোরচক্র অভিযান চালায়। অফিসের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে তারা অফিস থেকে তিনটি মূল্যবান ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাঠে নামে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। অভিযান চালিয়ে শহরের সুখনগর বস্তি, চর মিলপাড়া ও বড়বাজার ভাংড়ি পট্টি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় চুরি হওয়া ল্যাপটপসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয় এবং তিনজন চোরকে আটক করা হয়।
পুলিশের এই দ্রুত ও সফল অভিযানে স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে। গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ ল্যাপটপ দ্রুত উদ্ধার হওয়ায় গণমাধ্যমকর্মীরাও সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আটক করা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |