| বঙ্গাব্দ
ad728
ad728

ইজারা ছাড়াই কুমারখালীতে পশুহাট পরিচালনার অভিযোগ, বাড়ছে যানজট ও জনভোগান্তি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 12194 বার পঠিত
ইজারা ছাড়াই কুমারখালীতে পশুহাট পরিচালনার অভিযোগ, বাড়ছে যানজট ও জনভোগান্তি
ছবির ক্যাপশন: ইজারা ছাড়াই কুমারখালীতে পশুহাট পরিচালনার অভিযোগ, বাড়ছে যানজট ও জনভোগান্তি

কুমারখালী প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে ইজারা ছাড়াই পশুহাট পরিচালনার অভিযোগ উঠেছে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের বিরুদ্ধে। প্রতি বুধবার বসা এ পশুহাটকে ঘিরে একদিকে যেমন সরকার হারাচ্ছে সম্ভাব্য রাজস্ব, অন্যদিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনভোগান্তি।

সরেজমিন ঘুরে দেখা যায়, কোনো সুস্পষ্ট নীতিমালা ছাড়াই পরিচালিত হচ্ছে পশুহাটটি। মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ট্রাক, নসিমন, করিমনসহ বিভিন্ন যানবাহন। এতে সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও পরিবহন চালকদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

হাটের ভেতরে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো অর্থ আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত কোনো রসিদ বা সরকারি নিয়ম অনুসরণ ছাড়াই চলছে এই অর্থ সংগ্রহ। হাটের নিরাপত্তা ও তদারকিতে দেখা গেছে ইউনিয়ন পরিষদের চৌকিদারদের পাশাপাশি চেয়ারম্যানের নিজস্ব লোকজনও দায়িত্ব পালন করছেন।

অর্থ সংগ্রহে নিয়োজিত কয়েকজন জানান, পশুহাটটির এখনো আনুষ্ঠানিক ইজারা হয়নি। আপাতত “খাস কালেকশন” হিসেবে অর্থ আদায় করা হচ্ছে। স্থানীয়দের দাবি, যথাযথ ইজারা প্রক্রিয়া ও প্রশাসনিক নজরদারির অভাবে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, একই ব্যক্তির প্রভাবের কারণে হাট পরিচালনা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সাধারণ পশু ক্রেতা-বিক্রেতারা যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি জনসাধারণও প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে সাক্ষাৎ দেননি।

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলছেন, অবৈধভাবে পরিচালিত পশুহাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনদুর্ভোগ কমানো এখন সময়ের দাবি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম