কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বিশ্ব তামাকমুক্ত দিবস ও বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। পরিবেশ সংরক্ষণ, তামাক নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে শনিবার (২০ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির নিচতলায় অবস্থিত এস কে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার কৃষিবিদ রুপালি খাতুন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ খান এবং খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী ও আন্তর্জাতিক প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সোহেল খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এবং দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে নিকুশিমাজ ও বাংলাদেশ পরিবেশ রক্ষা পরিষদ (বিপিআরপি)। সহযোগিতায় ছিল তাবিনাজ (তামাকবিরোধী নারী জোট)।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকের ব্যবহার কেবল মানুষের স্বাস্থ্যের জন্যই নয়, পরিবেশের জন্যও মারাত্মক হুমকি। তামাক চাষ ও উৎপাদন প্রক্রিয়ায় বনভূমি ধ্বংস, মাটির উর্বরতা হ্রাস এবং পরিবেশ দূষণ বৃদ্ধি পায়। তাই একটি সুস্থ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তামাকমুক্ত সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তামাকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে নারী ও যুবসমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রাখায় কয়েকজন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
সবশেষে একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিত সকলের সম্মিলিত অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |