কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ১০ লাখ ২১ হাজার ৫২৫ টাকা।
রোববার (১৯ জুলাই) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কাজীপুর বিওপির একটি টহল দল কাজীপুর বর্ডারপাড়া মাঠে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৯ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৯ হাজার ৬০০ টাকা।
এদিকে ১৯ জুলাই ভোর সাড়ে ৩টার দিকে চরচিলমারী বিওপির টহল দল আকন্দপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৩৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ১২ হাজার ৯২৫ টাকা।
একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে শেওড়াতলা বিওপির টহল দল শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে ৬ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এ চালানের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬৯ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |