কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুলসংখ্যক ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুজনের বিরুদ্ধে মিরপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। অপর চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মিরপুর উপজেলার উত্তর কাঠদহ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মো. বিল্লাল হোসেন (৪৮), পিতা—মৃত সিরাজ আলী, সাং—উত্তর কাঠদহকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে অধিদপ্তরের উপপরিদর্শক মো. ইকবাল হোসেন বাদী হয়ে মিরপুর থানায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করেন।
একই উপজেলার চিতলিয়া গ্রামে পৃথক অভিযানে মো. মনির হোসেন (১৯)-কে ৭৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় আরেকটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে মিরপুর থানার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মো. মমিনুল ইসলাম শাকিল (২৩), মো. রিপন (৪০), তৌহিদুল ইসলাম (৪৫) ও মো. অসীম আলী (৪৫)কে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মো. ইকবাল হোসেন প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান রিফাত ও মো. আলাউদ্দিন আকন্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তরের অভিযান আরও জোরদার করা হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |