, কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
শিক্ষার আলো ছড়িয়ে, প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করে গৌরবের দেড়শ বছর অতিক্রম করেছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দীর্ঘ দেড় শতাব্দীর শিক্ষা, ঐতিহ্য, সাফল্য ও নারীশিক্ষার অগ্রযাত্রাকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে বিদ্যালয়টির ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্ধশতবর্ষ উৎসব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণ ও কুষ্টিয়া শহরে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাদক দলের বাদ্যযন্ত্রের তালে বের করা হয় বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা। এতে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মাথায় ছিল লাল রঙের বিশেষ ক্যাপ, হাতে শোভা পায় জাতীয় পতাকা এবং ‘ঐতিহ্যের ১৫০, গর্বের ১৫০’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। আনন্দ-উচ্ছ্বাসে মুখর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সার্ধশতবর্ষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও শিক্ষা-আইসিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান।
সকাল ৯টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাঃ আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, কুষ্টিয়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা. আমিরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছরের পথচলা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস নয়; এটি এ অঞ্চলের শিক্ষা বিস্তার, নারীশিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সময়ের পরিবর্তন ও শিক্ষাব্যবস্থার নানা চ্যালেঞ্জ অতিক্রম করেও প্রতিষ্ঠানটি তার সুনাম ও ঐতিহ্য ধরে রেখেছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীরা লাল-সবুজ শাড়ি ও বর্ণিল পোশাকে গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ফিরে সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং আনন্দ-আবেগে দিনটি উপভোগ করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা বেগম জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পরীক্ষায় বিদ্যালয়ের পাসের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ। শিক্ষার্থীদের এ সাফল্য প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও ধারাবাহিক অগ্রযাত্রার উজ্জ্বল দৃষ্টান্ত।
দীর্ঘ দেড়শ বছরে অসংখ্য শিক্ষার্থী এ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাঁদের অর্জন ও অবদান বিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।
সার্ধশতবর্ষের এই আয়োজন তাই শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং অতীতের স্মৃতিচারণ, বর্তমানের সাফল্য উদ্যাপন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন স্বপ্ন দেখার এক মিলনমেলায় পরিণত হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দেড়শ বছরের গৌরবময় ঐতিহ্য ও অর্জনকে ধারণ করে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগামী দিনেও মানসম্মত শিক্ষা বিস্তার, নারীশিক্ষার প্রসার এবং আদর্শ, দক্ষ ও মানবিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষা ও নারী জাগরণের আলোকবর্তিকা হয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে আরও বহুদূর—এমন প্রত্যাশায় শেষ হয় সার্ধশতবর্ষের বর্ণাঢ্য আয়োজন
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |