কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে স্থানীয়রা হাসপাতালের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারীর নাম অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি আক্তার (২৫)। তিনি কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে। জুথি কিছুদিন আগে কুষ্টিয়া শহরের কথিত সাংবাদিক জীবন মাহমুদ ডাবলু ওরফে ডাবলু মোল্লার নামে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে একটি অভিযোগ এবং সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলে জানা গেছে।
জুথি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। স্থানীয়রা জানান, তাকে প্রায়ই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এলাকাসহ আশপাশে ঘুরতে দেখা যেত। তবে কেন তিনি হাসপাতালে এসেছিলেন এবং কিভাবে তার মৃত্যু হলো তা এখনও স্পষ্ট নয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বাটন মোবাইল ফোন ও একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা না হত্যাকাণ্ড—সব দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলেছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |