কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
দুই দিনব্যাপী মেহেদী উৎসবের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রীসংস্থা শাখার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় উৎসবটি শুরু হয়।
উৎসবকে ঘিরে বটতলায় স্থাপন করা হয়েছে চারটি আকর্ষণীয় বুথ। এর মধ্যে একটি বুথে সংগঠন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হচ্ছে, বাকি তিনটিতে রাখা হয়েছে উপহার সামগ্রী, অনুভূতি বক্স এবং মেহেদী দেয়ার ব্যবস্থা। উৎসব উপলক্ষে বটতলা চত্বরে রঙিন ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে আমন্ত্রণ বার্তা। এ আয়োজনে ছাত্রীসংস্থা নতুন সদস্য আহ্বান করছে এবং নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছে।
সরেজমিনে দেখা যায়, প্রথম দিন থেকেই উৎসবে নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে হাতে মেহেদী নিচ্ছেন, কেউবা বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, “ইসলামী ছাত্রীসংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই মেহেদী উৎসবের পরিবেশ দারুণ। মেয়েরা একে অপরকে মেহেদী দিচ্ছে—এ দৃশ্য খুব ভালো লাগছে। আমি নিজেও মেহেদী দিয়েছি, সত্যিই সুন্দর একটি আয়োজন।”
তিনি আরও বলেন, “আগে ভাবতাম এই সংগঠন কেবল পর্দা বা ধর্মীয় কার্যক্রম নিয়েই কাজ করে। কিন্তু এখন বুঝতে পারছি তারা বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিচ্ছে। মেহেদী উৎসবের মতো আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব তৈরি করে, যা মানসিক বিকাশে সহায়ক।”
সংগঠনটির শাখা সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী এই মেহেদী উৎসব আয়োজন করা হয়েছে। এটি সুস্থ সংস্কৃতিচর্চার একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ, যা শুধুমাত্র ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে এমন বৃহৎ আয়োজন সম্ভব হয়নি। তবে এখন আমরা ছাত্রীদের সম্পৃক্ত করে নতুনভাবে কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ সামনে আরও বড় পরিসরে এগুলো বিস্তৃত করা হবে।”
তিনি আরও যোগ করেন, “এই উৎসবের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীবোনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে চাই।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |