| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 13-12-2025 ইং
  • 111021 বার পঠিত
কুষ্টিয়ায় রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৫। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার পুরাতন কাটাইখানা মোড়স্থ রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত বছরের ন্যায় এবারও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কুষ্টিয়ার স্বনামধন্য ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার একশ’রও বেশি শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোহা. ইমতিয়াজ সুলতান,  পরিচালক মো. ইমন আলী, পরিচালক আবুল কালাম আজাদ ও পরিচালক মো. শাহাবুদ্দিন শেখ। তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করেন।

রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোহা. ইমতিয়াজ সুলতান শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা আজ যারা শিক্ষার্থী, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর—তাদের নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমেই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়। আমরা চাই, এই প্রতিষ্ঠান থেকে এমন শিক্ষার্থী বেরিয়ে আসুক যারা জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে।

রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মো. ইমন আলী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মেধাবৃত্তি পরীক্ষা শুধু ফলাফল অর্জনের প্রতিযোগিতা নয়, এটি তোমাদের মেধা, মননশীলতা ও অধ্যবসায়ের প্রকৃত মূল্যায়ন। আজকের এই পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেদের সক্ষমতা যাচাই করার সুযোগ পাচ্ছ। সৎভাবে পরীক্ষা দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাও—সাফল্য অবশ্যই তোমাদের হাত ধরেই আসবে। দেশ ও সমাজ গঠনে আলোকিত মানুষ হিসেবে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখাই হোক তোমাদের প্রধান লক্ষ্য।

রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক মো. শাহাবুদ্দিন শেখ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মেধাবৃত্তি পরীক্ষা শুধু প্রতিযোগিতার ক্ষেত্র নয়, এটি শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জন করা অত্যন্ত জরুরি। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের মানসিক বিকাশে সহযোগিতা করতে হবে এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করতে হবে।

পরিচালক মো. শাহাবুদ্দিন শেখ আশাবাদ ব্যক্ত করেন, এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে অনেক প্রতিভাবান শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে, যারা ভবিষ্যতে রেসিডেন্সিয়াল মডেল স্কুলসহ দেশের শিক্ষা ব্যবস্থার গৌরব বৃদ্ধি করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার বলেন, “চলতি বছর শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কুষ্টিয়ার একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে।”

মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশে এমন আয়োজন শিক্ষার্থীদের আগ্রহ, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রেসিডেন্সিয়াল শিক্ষা ফাউন্ডেশনের এ মেধাবৃত্তি পরীক্ষা কুষ্টিয়ার শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে। পরীক্ষা মূল্যায়ন শেষে শিগগিরই মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম