কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় আচ্ছন্ন শীতের সকালে শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটাতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নিতাইলপাড়া মারকাজুল উলুম সুফিয়া মহিউদ্দিন কওমি মাদ্রাসা মাঠে এ মানবিক আয়োজনের শুভ সূচনা হয়।
‘প্রিয় বাগুলাটবাসী’—একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে ভোর থেকেই মাঠে ভিড় করেন শীতার্ত দরিদ্র, অসহায়, মেহনতি মানুষ ও পথশিশুরা। কম্বল হাতে পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ।
সংগঠনের মুখপাত্র ও বিশিষ্ট সমাজসেবক মো. ইবাদত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাসানুজ্জামান (মন্টু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ অধিদপ্তরের সাবেক জিএম মো. দারুজ্জামান (মন্টু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডা. মো. রুহুল আমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাইলপাড়ার কৃতি সন্তান ডা. মো. শহিদুল ইসলাম, যিনি আর্থিক সহায়তার পাশাপাশি নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মসূচিটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মনিরুজ্জামান (বারী)। বিশেষ আলোচক ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব মো. আব্দুর রশিদ মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সাবেক কর্মকর্তা মো. আব্দুর রউফ। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন অ্যারিস্টো ফার্মার সাবেক অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. মেজবাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. দারুজ্জামান (মন্টু) বলেন,“মানবতার সেবাই সবচেয়ে বড় ইবাদত। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”তিনি আরও বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও বহু মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। সরকার ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও বিত্তবানদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই দুর্ভোগ লাঘব করতে।”
প্রধান আলোচক মো. মনিরুজ্জামান (বারী) বলেন, শীত মৌসুমে নিয়মিত এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে ‘প্রিয় বাগুলাটবাসী’ সংগঠনের মুখপাত্র মো. ইবাদত আলী বলেন,“মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আমাদের সংগঠনের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমরা চাই, এই ইউনিয়নের গরিব ও দুঃখী মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার দায়িত্বশীল আলেমগণ এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যদি এভাবে মানবতার পাশে দাঁড়ায়, তবে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
শীতের কনকনে ঠান্ডায় ‘প্রিয় বাগুলাটবাসী’র এই আয়োজন শুধু কম্বল বিতরণেই সীমাবদ্ধ নয়; এটি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নীরবে ও নিষ্ঠার সঙ্গে মানবতার সেবায় নিয়োজিত এই অরাজনৈতিক সামাজিক সংগঠন এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |