মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে কুষ্টিয়া-৪ আসনে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন গণফোরাম মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল হাকিম মিঞা। আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি উদীয়মান সূর্য প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনী প্রচারণাকালে গণফোরাম নেতারা বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়—বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের এক ঐতিহাসিক সুযোগ। রাষ্ট্র ও সমাজে অর্থবহ পরিবর্তন আনতে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট চায় গণফোরাম।
জাতির বিবেক ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণফোরাম জন্মলগ্ন থেকেই দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে সুস্থ ও নৈতিক রাজনীতির ধারা প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং ’২৪-এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি মানবিক, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ প্রেক্ষাপটে গণফোরাম জনগণের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে—কালো টাকা, সন্ত্রাস, পেশিশক্তি ও প্রশাসনিক প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা; সকল নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টি করে সর্বস্তরে বৈষম্য দূরীকরণ; বেকারত্ব হ্রাসে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারভাতার প্রবর্তন।
দলটি আরও দাবি জানায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণের দাম কমিয়ে খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার। সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরা হয়।
গণফোরাম নেতারা স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ করে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি ও গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, গার্মেন্টস শিল্প রক্ষা, প্রবাসী শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গণফোরাম “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়”—এই নীতির আলোকে ন্যায়ভিত্তিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথা জানায়। ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ, ন্যায্য পানি হিস্যা নিশ্চিত এবং অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
গণফোরাম নেতারা বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা প্রতিষ্ঠিত হতে হবে। সে লক্ষ্যে কুষ্টিয়া-৪ আসনের ভোটারদের প্রতি উদীয়মান সূর্য প্রতীকে ভোট দিয়ে এডভোকেট আব্দুল হাকিম মিঞা-কে বিজয়ী করার আহ্বান জানানো হয়—যাতে এলাকার উন্নয়ন ও জনসেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |