মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
“সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো”,“পে স্কেলের তালবাহানা চলবে না, চলবে না”—এমন বজ্রকণ্ঠ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়া জেলা পরিসংখ্যান অফিস প্রাঙ্গণ।
বৈষম্যমুক্ত ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায়ও পালন করা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন।
প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কুষ্টিয়া জেলা কার্যালয় চত্বরে কর্মচারীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য পে স্কেল থেকে বঞ্চিত। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান পে স্কেল কাঠামোতে বৈষম্য স্পষ্ট। এই বৈষম্য দূর করে একটি মানবিক, ন্যায়সংগত ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৯ম পে স্কেল দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এরই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যমুনা অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিকে সফল করতে দেশের সকল সরকারি কর্মচারী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচির আয়োজনে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং প্রচারে সহযোগিতা করছে জেলা পরিসংখ্যান অফিস, কুষ্টিয়া।
কর্মচারী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের নীতিনির্ধারক মহল দ্রুত এই যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে—যাতে সরকারি কর্মচারীরা মর্যাদা ও ন্যায্য অধিকার নিয়ে দেশ সেবায় আরও আত্মনিয়োগ করতে পারেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |