কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অভিযানে দুইজন চোরাকারবারিকে আটকসহ বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি বিওপির একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, একদল চোরাকারবারি সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতীয় চকলেট বাজি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে স্থানীয়ভাবে বাজারজাত করার পরিকল্পনা করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৫৩/৬-এস হতে প্রায় সাড়ে সাত কিলোমিটার ভেতরে হোসেনাবাদ এলাকায় বিশেষ নজরদারি স্থাপন করা হয়। সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ শেষে বিজিবি সদস্যরা কৌশলগতভাবে অভিযান চালিয়ে মোঃ আসিফ মন্ডল (২০) ও মোঃ শিশির আলী (১৮)-কে হাতেনাতে আটক করতে সক্ষম হন। উভয়ের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ফারাকপুর এলাকায়।
এ সময় তাদের নিকট থেকে মোট ৩,৪৪০ পিস ভারতীয় চকলেট বাজি এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মালামালসহ দৌলতপুর থানা-য় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আতশবাজি ও বিস্ফোরকজাতীয় দ্রব্য চোরাচালান জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অবৈধ পণ্য দেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কা থাকে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি, নিয়মিত টহল, বিশেষ চেকপোস্ট ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ় ও আপসহীন অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাবাসীকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |