কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রবীণ নেতা কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর স্মরণে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক হৃদয়স্পর্শী শোকসভা। আগামী ৯ মে শনিবার সকাল ১১টায় দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চতুর্থ তলার হলরুমে এ সভার আয়োজন করা হয়েছে। শোকসভাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল মহলে সৃষ্টি হয়েছে গভীর আবেগঘন পরিবেশ।
“বিশ্ব শ্রমিক শ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণ এক হও”—এই অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এ স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
প্রয়াত কমরেড আব্দুর রউফ (মুকুল) ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম.এল)-এর সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন মার্কসবাদ-লেনিনবাদের এক দৃঢ়চেতা ও আপসহীন সৈনিক। শ্রমজীবী মানুষ, কৃষক, নিপীড়িত ও বঞ্চিত জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর নিরলস সংগ্রাম আজও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে।
১৯৫১ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী এই বরেণ্য বামপন্থী নেতা গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে দেশের বামপন্থী রাজনীতিতে নেমে আসে গভীর শোকের ছায়া। সহযোদ্ধা, কর্মী ও অনুসারীদের কাছে তিনি ছিলেন সংগ্রাম, আদর্শ ও আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক।
শোকসভা পালন কমিটি জানিয়েছে, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি, প্রগতিশীল কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। স্মরণসভায় কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর সংগ্রামী জীবন, রাজনৈতিক দর্শন এবং গণমানুষের মুক্তির আন্দোলনে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
কুষ্টিয়ার মাটিতে আয়োজিত এ শোকসভা শুধু একজন রাজনৈতিক নেতার বিদায়ের স্মরণ নয়, বরং একটি আদর্শিক সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরারও এক গুরুত্বপূর্ণ আয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |