মেহেরপুর প্রতিনিধি | হিরক খান
আসন্ন ২ নম্বর মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নির্বাচনী আমেজ ক্রমেই তীব্র হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী, মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আনোয়ারুল ইসলাম মোল্লা শুক্রবার (১৭ জুলাই) মোনাখালী গ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।
দিনব্যাপী এই গণসংযোগে তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গণসংযোগকালে আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, “জনগণের ভালোবাসা ও বিএনপির দলীয় মনোনয়ন পেলে মোনাখালী ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ, বিদ্যমান সড়কের সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং জনগণের জন্য সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে জনগণের সেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
গণসংযোগে উপস্থিত সাধারণ মানুষ উন্নয়ন, সুশাসন ও জনসম্পৃক্ততার বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়নজুড়ে ধারাবাহিক গণসংযোগ, জনসম্পৃক্ততা এবং উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে আনোয়ারুল ইসলাম মোল্লা ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জনমতের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে তাঁর প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে এলাকাবাসীর অভিমত।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |