কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর, গুণগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর কৌশলগত নেতৃত্ব ও সুশাসন আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপে অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে সাভারের ব্র্যাক সিডিএমে শুরু হওয়া এ গুরুত্বপূর্ণ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন উপাচার্য, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
উচ্চশিক্ষাকে সময়োপযোগী, মানসম্মত ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে প্রয়োজনীয় নীতি, কৌশল ও বাস্তবায়ন কাঠামো নিয়ে এ সংলাপে বিস্তৃত আলোচনা হচ্ছে। ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হিট প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংলাপে অংশগ্রহণকারী উপাচার্যদের চেক-ইন সম্পন্ন হয়। পরে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ওয়েলকাম ডিনার। এতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ে অংশ নেন। এ কর্মসূচিতেও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
দুই দিনের নীতিনির্ধারণী সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব ও সুশাসন, নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়, পাঠদানের উৎকর্ষ ও মূল্যায়ন, মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিকীকরণ নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা, উপাচার্যদের গ্রুপ আলোচনা, আর্থিক ও ক্রয় ব্যবস্থাপনা এবং উচ্চশিক্ষার রূপান্তরে হিট প্রকল্পের বিভিন্ন উদ্যোগের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হচ্ছে।
এ ছাড়া পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থী সহায়তা, কর্মসংস্থানযোগ্যতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়নসহ উচ্চশিক্ষার সামগ্রিক উন্নয়ন ও রূপান্তরের নানা গুরুত্বপূর্ণ দিক সংলাপে গুরুত্ব পাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার ক্ষেত্রে এ ধরনের নীতিনির্ধারণী সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে জাতীয় উচ্চশিক্ষা নীতির সঙ্গে সমন্বয়ের সুযোগ তৈরি হবে।
আগামীকাল শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সংলাপের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
উচ্চশিক্ষার গুণগত রূপান্তর, দক্ষ মানবসম্পদ গঠন এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বকে আরও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এ সংলাপকে দেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |