কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৩ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন। জব্দকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ২৩ আগস্ট রাত আনুমানিক ২টা ২০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চল্লিশপাড়া পাড়া মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা।
এরপর একই দিন সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফিউজি পাড়া মাঠে আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ এবং ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
দুটি অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবির এমন ধারাবাহিক অভিযানে সীমান্তপথে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |