কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
‘সচেতনতাই প্রতিরোধের প্রথম পদক্ষেপ’—এই বার্তাকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) হাসপাতাল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়াবহ ও প্রাণঘাতী রোগ হলেও যথাসময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করলে এটি প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে কুকুর বা অন্য কোনো প্রাণীর কামড় কিংবা আঁচড়ের পর অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সামান্য অসচেতনতা কিংবা চিকিৎসায় বিলম্ব প্রাণঘাতী পরিণতি ডেকে আনতে পারে।
তারা বলেন, কোনো প্রাণী কামড় বা আঁচড় দিলে প্রথমেই ক্ষতস্থানটি অন্তত ১৫ মিনিট সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে। ক্ষতস্থানে অপ্রমাণিত কোনো পদার্থ লাগিয়ে সময়ক্ষেপণ না করারও আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, জলাতঙ্ক প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা বাড়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোষা প্রাণীর যথাযথ পরিচর্যা, কুকুরের টিকাদান এবং প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা গড়ে উঠলে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব।
মানববন্ধন থেকে জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়—কোনো প্রাণীর কামড় বা আঁচড়কে ছোট করে দেখার সুযোগ নেই। সময়মতো ক্ষত পরিষ্কার, দ্রুত হাসপাতালে যোগাযোগ এবং প্রয়োজনীয় টিকা গ্রহণই পারে একটি জীবনকে ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়েই গড়ে উঠতে পারে জলাতঙ্কমুক্ত সমাজ।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |