| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন নারী শিক্ষার্থীরা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-11-2026 ইং
  • 195 বার পঠিত
কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন নারী শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: চালকের তাৎক্ষণিক সাহসিকতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা, আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে বাসচালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। এ ঘটনায় বাসের নারী শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে কান্নায় ভেঙে পড়েন।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়ের ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত বাসটির চাকায় পেট্রোল বোমাটি আঘাত করে রাস্তায় ছিটকে পড়ে। এতে বাসে আগুন ছড়িয়ে পড়েনি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাসে।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাসটিতে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তিনজন ছাত্র থাকলেও অধিকাংশ যাত্রীই ছিলেন নারী শিক্ষার্থী। গাড়াগঞ্জ এলাকা পার হওয়ার পর হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীকে বাসের সামনে ও পেছনে অবস্থান করতে দেখা যায়।

তিনি জানান, রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে বাসের সামনের অংশে থাকা কয়েকজন নারী শিক্ষার্থী আগুন বলে চিৎকার শুরু করেন। পরে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান তাঁরা। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করেন। তাঁর তাৎক্ষণিক পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়।

ওই শিক্ষার্থীর দাবি, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তাঁদের একজনের পরনে সাদা এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পর বাসের নারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত অনেকেই ভীতসন্ত্রস্ত অবস্থায় ছিলেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়জুড়ে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত ইবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন। সংগঠনটির নেতা মামুনুর রশীদও এক ফেসবুক পোস্টে আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানান।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শিক্ষার্থীবাহী গণপরিবহনে এমন হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাতে যাতায়াতকারী নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম