বরিশাল প্রতিনিধি:
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর আল্লাহর রহমতে স্বপ্ন পূরণ করেছেন বরিশালের বাবুগঞ্জের মেয়ে হালিমাতুস সাদিয়া। সম্প্রতি ঘোষিত ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।
শৈশব থেকেই তিনি আলাদা কিছু করার স্বপ্ন দেখতেন। সহপাঠীরা যখন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বুনতেন, তখন সাদিয়া বলতেন—“আমি ভিন্ন কিছু হতে চাই।” সেই স্বপ্নই তাঁকে পৌঁছে দিয়েছে আজকের এই মর্যাদাপূর্ণ আসনে।
হালিমাতুস সাদিয়া বলেন, “জজ হয়ে যতটা খুশি হইনি, তার চেয়ে বেশি খুশি হয়েছি মা–বাবাকে জজের মা–বাবা করতে পেরে।” জীবনের প্রতিটি ধাপে বাবা–মায়ের অক্লান্ত পরিশ্রম, সাহস আর ভালোবাসাই তাঁর প্রেরণা। রাতভর মেয়ের পাশে জেগে থাকা মা কিংবা প্রতিটি মুহূর্তে সাহস জোগানো বাবার সেই ত্যাগই আজ রূপ নিয়েছে সাফল্যে।
তিনি আরও জানান, জজ হওয়া তাঁর ব্যক্তিগত অর্জন হলেও মা–বাবাকে গর্বিত করতে পারা তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দ। সামনে লক্ষ্য শুধু একটাই—সততার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের বিশ্বাসের জায়গা হয়ে ওঠা।
হালিমাতুস সাদিয়ার এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত গৌরব নয়, বরং দেশের হাজারো তরুণ–তরুণীর জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |