কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম
বাংলাদেশের ‘সোনালী আঁশ’ পাট আবারও নতুন সম্ভাবনা তৈরি করছে কুষ্টিয়ায়। চলতি মৌসুমে কৃষকরা প্রতিকেজি ৮০–৯০ টাকা দরে পাট বিক্রি করে লাভবান হলেও কাঁচা পাট রপ্তানি বন্ধে সাম্প্রতিক সময়ে বাজারে মন্দাভাব দেখা দিয়েছে। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। তবে সরকারের নীতিগত সহায়তা, আধুনিক প্রযুক্তি ও নতুন লাইসেন্স প্রদানের ফলে পাট শিল্পে আবারও শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল পাটের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এক সময় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হলেও দীর্ঘদিন ধরে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। এ বছর অবশ্য কৃষকরা ভালো দামে পাট বিক্রি করতে সক্ষম হন। আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও প্রতিকেজি পাটের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। তবে সম্প্রতি সরকার কাঁচা পাট রপ্তানি বন্ধ করায় বাজারে প্রতি কেজিতে প্রায় ৫ টাকা কমে গেছে। এতে কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন মূলত পাটকল মালিকরা।কুষ্টিয়া জেলা কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জানান, কৃষকরা এবার লাভবান হয়ে পাট চাষে আরও আগ্রহী হচ্ছেন। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে পাটের দাম মনপ্রতি প্রায় ২০০ টাকা কমেছে। তবে তবুও কৃষকরা এ মৌসুমে লাভবান থাকবেন। তিনি আরও জানান, পরিবেশবান্ধব পণ্য হিসেবে বিশ্ববাজারে পাটজাত দ্রব্যের চাহিদা দিন দিন বাড়ছে। পাটের ব্যাগ, কার্পেট, চট ও হস্তশিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সরকারের নীতিগত সহায়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা গেলে এ শিল্প আবারও দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাতে পরিণত হতে পারে। ইতোমধ্যে কৃষি বিপণন অধিদপ্তর বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ ও আধুনিক করতে পদক্ষেপ নিয়েছে। এদিকে, কুষ্টিয়ার কয়েকজন উদ্যোক্তা কৃষি বিপণন অধিদপ্তরের (DAM) মাধ্যমে কৃষি বিপণন আইন ২০১৮, বিধিমালা ২০২১ ও নীতি ২০২৩ অনুযায়ী রপ্তানিকারক, সরবরাহকারী ও মিলার হিসেবে লাইসেন্স গ্রহণ করেছেন। এর মধ্যে দৌলতপুরের রাম অবতার আগরওয়ালা, নাছিমা বিশ্বাস এবং হরিনারায়নপুরের সৌমিক ভট্টাচার্য্য উল্লেখযোগ্য। সম্প্রতি সৌমিক ভট্টাচার্য্যের নামে ইস্যুকৃত রপ্তানি লাইসেন্স (নম্বর : DAM-৪০৫০৭৯০৯৯১৮০) গত ৯ সেপ্টেম্বর প্রদান করা হয়েছে, যা আগামী বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। রপ্তানি ব্যবসার নির্ধারিত লাইসেন্স ফি ভ্যাটসহ অনলাইনে জমা হয়।স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, সরকারের এ উদ্যোগ কৃষকদের নতুন বাজারে প্রবেশের সুযোগ দেবে এবং অঞ্চলের পাট শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে আবারও পাট ‘সোনালী আঁশ’ হিসেবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |