কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু হয়েছে। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’-এর অংশ হিসেবে শনিবার (৪ অক্টোবর) চলমান অভিযানের প্রথম দিন কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চায়না দুয়ারি জাল পুড়িয়ে ফেলা হয় এবং দুইটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। এছাড়া জেলেদের কাছ থেকে আটক ছোট ছোট মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, “প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বে কেউ অনিয়ম করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।”
তিনি আরও জানান, অভিযানের প্রথম দিনে কাউকে জেল বা জরিমানা করা হয়নি। তবে পরবর্তী দিনগুলোতে আইন অমান্যকারীর বিরুদ্ধে জেল ও অর্থদণ্ড দুটোই কার্যকর করা হবে। “আজকে যে জাল জব্দ করেছিলাম, সেগুলো আমরা পুড়িয়ে দিয়েছি। আর আটক মাছগুলো নিকটবর্তী এতিমখানায় প্রদান করেছি, যোগ করেন তিনি।
আইন অনুযায়ী, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশসহ যেকোনো মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছেন, আগামী ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশের সব নদ-নদীতে মা ইলিশ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি চলবে।
অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণ করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও সমৃদ্ধ হবে। এজন্য জেলেসহ সবাইকে সরকারের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |