কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া শহরের সরকারি কলেজ মোড়ে অবৈধ দোকানঘর নির্মাণ ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ মোড় কুষ্টিয়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানে অবৈধ দোকান ও দখলবাণিজ্যের কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, ফলে শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদ করা ২৮টি অবৈধ দোকান মাত্র নয় দিনের ব্যবধানে পুনরায় নির্মাণ শুরু হয়েছে, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। বক্তারা অভিযোগ করেন, এসব অবৈধ দোকান পুনর্নির্মাণে প্রায় তিন কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে।
বক্তারা আরও বলেন, প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা সতর্ক করে বলেন, দ্রুত অবৈধ দখল ও দোকান নির্মাণ বন্ধ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে। বক্তারা দাবি করেন, কলেজ মোড়সহ শহরের প্রধান সড়কগুলো থেকে অবৈধ দোকান, ফুটপাত দখল ও স্টল উচ্ছেদ করে শহরের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান আপু বলেন, “কুষ্টিয়াবাসী দীর্ঘদিন যানজট ও অনিয়মে জর্জরিত। অপরিকল্পিত নগরায়নের কারণে আগামী কয়েক বছরের মধ্যে কুষ্টিয়া শহরে বসবাসই দুরূহ হয়ে পড়বে।” তিনি প্রশাসনের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “যদি দোকানগুলো অবৈধ না হয়, তবে কেন ভাঙা হলো? আর যদি ভাঙাই হয়, তবে পুনর্নির্মাণের অনুমতি কে দিল?”
মানববন্ধনে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু। এতে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য সচিব কে এম জাহিদ, বিএনপি নেতা আমজাদ হোসেন বিদ্যুৎ, ইমরান আহমেদ, সুলতান মারুফ তালহা, আব্দুল খালেক, এনসিপি নেতা রাসেল পারভেজ, তৌকির আহমেদ ও আলী মুজাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ নেয়, তবে কুষ্টিয়া শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা পুনরুদ্ধার সম্ভব হবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |