কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। বুধবার (৫ নভেম্বর) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে মজমপুরে সেতু কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু। অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতুর নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুরাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতুর আইসিটি ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুরাদ হোসেন বলেন, “নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নারী নির্যাতন রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন হতে হবে। বাল্যবিবাহ নারীর অগ্রগতির অন্যতম প্রধান বাধা।
সভায় ড. মো. আব্দুল কাদের বলেন, “গ্রামীণ নারীর উন্নয়নই দেশের প্রকৃত অগ্রগতির মূল ভিত্তি। প্রযুক্তি, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “বর্তমানে দেশের অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অনস্বীকার্য। কৃষি, হস্তশিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা ও গার্মেন্টস খাতে তাদের নিরলস পরিশ্রম জাতীয় উন্নয়নের চাকা সচল রাখছে। তবে সামাজিক বৈষম্য ও সহিংসতা এখনো বড় চ্যালেঞ্জ।”
অন্যান্য বক্তারাও প্রযুক্তি সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নারীর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে যৌথ উদ্যোগের আহ্বান জানান।
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, উদ্যোক্তা ও বিভিন্ন নারীনেত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে চারজন পুরুষ ও আটজন নারীকে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেতুর প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান।
“নারীর ক্ষমতায়নেই টেকসই উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |