| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় কমরেড আবদুল হক-এর ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-12-2025 ইং
  • 47239 বার পঠিত
কুষ্টিয়ায় কমরেড আবদুল হক-এর ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত
ছবির ক্যাপশন: দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে পরিণত করার অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

দুনিয়ার সর্বহারা শ্রেণী, নিপীড়িত জাতি ও জনগণকে ঐক্যবদ্ধ গণসংগ্রামে শামিল হওয়ার দৃপ্ত আহ্বানের মধ্য দিয়ে কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আবদুল হক-এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে কমরেড আবদুল হক-এর ৩০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটি, কুষ্টিয়া জেলা-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৃত্যুবার্ষিকী পালন কমিটির কুষ্টিয়া জেলা আহ্বায়ক আসাদুল হক আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক সোলায়মান পারভেজ।

প্রধান আলোচকের বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, “সংস্কারের নামে মার্কিন সাম্রাজ্যবাদী পরিকল্পনার মাধ্যমে নির্বাচনের বিকল্প হিসেবে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েমের অপচেষ্টা জনগণের জন্য মারাত্মক হুমকি। শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করাই আজ সময়ের প্রধান দাবি।”

তিনি বিদেশি শক্তির কাছে বন্দর ইজারা প্রদান, তথাকথিত ‘মানবিক করিডোর’, সামরিক ঘাঁটি স্থাপনের পাঁয়তারা এবং জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তির তীব্র নিন্দা জানান।

আলোচনায় পলান বিশ্বাস বলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও বাজার-প্রভাব বলয় পুনর্বণ্টনের লড়াইকে কেন্দ্র করে ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুতে বাড়তে থাকা উত্তেজনা বিশ্বকে এক ভয়াবহ আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে পরিণত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা সভাপতি মোকতারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বারি, কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি আবুল কাশেম, ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক পলান বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতি কুমারখালী উপজেলা সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদর উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, দৌলতপুর উপজেলা আহ্বায়ক ওহিদুল হক মাস্টারসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।

মোকতারুল ইসলাম মুক্তি বলেন, “কমরেড আবদুল হক ছিলেন একজন আপসহীন বিপ্লবী নেতা। তাঁর ৭৫ বছরের জীবনের অধিকাংশ সময় তিনি শোষণ-নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামে উৎসর্গ করেছেন।” তিনি স্মরণ করিয়ে দেন, ছাত্রাবস্থায় ১৯৪৩ সালে কমরেড আবদুল হক ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং তেভাগা আন্দোলন, খাপড়া ওয়ার্ডের ঐতিহাসিক সংগ্রামসহ বহু গণআন্দোলনে নেতৃত্ব দেন। সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি মার্কসবাদ-লেনিনবাদকে পার্টির তাত্ত্বিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করেন।

সভায় সোলায়মান পারভেজ বলেন, “আজও কমরেড আবদুল হকের আদর্শ শ্রমিক-কৃষক-জনগণের মুক্তিসংগ্রামে অনুপ্রেরণার বাতিঘর। তাঁর দেখানো পথেই সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালাল পুঁজির উচ্ছেদ ঘটিয়ে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।”

আলোচনা সভা শেষে কমরেড আবদুল হক-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শত শত নেতাকর্মীর অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে “দুনিয়ার মজদুর এক হও—লড়াই করো”, “আপস নয়, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম”, “কৃষি মজুর এক হও, নিজের অধিকার ফিরিয়ে নাও”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরী।

র‍্যালি শেষে আন্দোলনকারী নেতাকর্মীরা বলেন, ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই শোষণমুক্ত সমাজ ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব। অনুষ্ঠান থেকে সাম্রাজ্যবাদবিরোধী ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম