কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ভারতীয় ৪৫ বোতল স্কাফ সিরাপ এবং ৪০ কেজি জিরা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির একটি চৌকস টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর মিলিটারীপাড়া মোড়ে পরিচালিত অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০ কেজি জিরা আটক করতে সক্ষম হয় বিজিবির টহল দল। উদ্ধারকৃত জিরার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি জানায়, আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং উদ্ধারকৃত ভারতীয় জিরা যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক এক বিবৃতিতে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর। মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় বিজিবির এমন ধারাবাহিক তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত অঞ্চলে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |