কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের আপসহীন বিপ্লবী নেতা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)-এর সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর স্মরণে কুষ্টিয়ায় এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, সকল রূপের সংশোধনবাদ ও সুবিধাবাদ বিরোধী সংগ্রামে কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর তাত্ত্বিক নেতৃত্ব, আত্মত্যাগ ও সংগ্রামী জীবন শুধু বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনেই নয়, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনেও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
শনিবার (৯ মে ২০২৬) সকাল ১১টায় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪র্থ তলার হলরুমে “প্রয়াত কমরেড আব্দুর রউফ (মুকুল) শোকসভা পালন কমিটি, কুষ্টিয়া”-এর উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই স্মরণসভায় বিভিন্ন বামপন্থী রাজনৈতিক, শ্রমিক, কৃষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোকসভায় সভাপতিত্ব করেন শোকসভা পালন কমিটি কুষ্টিয়ার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বারী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
বক্তারা বলেন, দীর্ঘ ৫৫ বছর শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে কমরেড আব্দুর রউফ (মুকুল) মার্কসবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় ক্ষেত্রেই যে সংগ্রাম চালিয়ে গেছেন, তা বিপ্লবী রাজনীতির ইতিহাসে বিরল দৃষ্টান্ত। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ও আত্মপ্রতিষ্ঠার মোহ ত্যাগ করে তিনি সারাজীবন নিপীড়িত মানুষের মুক্তির লড়াইয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা সভাপতি মোকতারুল ইসলাম মুক্তি, ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা আহ্বায়ক শ্রমিক নেতা এস এম সোলায়মান পারভেজ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা সভাপতি রবিউল আলম মিনু, কৃষক সংগ্রাম সমিতি পাবনা জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। কবিতা আবৃত্তি ও আলোচনা করেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক পলান বিশ্বাস।
শোকসভা পরিচালনা করেন শোকসভা পালন কমিটি কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক আসাদুল হক আসাদ। শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক গীতিকার আজব আলীর নেতৃত্বে “কমিউনিস্ট ইন্টারন্যাশনাল” পরিবেশন করা হলে উপস্থিত সবাই সমস্বরে কণ্ঠ মেলান। এসময় প্রয়াত নেতার জীবনী পাঠ করা হয়।
বক্তারা কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর জীবন ও সংগ্রামের ওপর আলোকপাত করে বলেন, তিনি ১৯৫১ সালের ২৭ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মাপাড়ের ফারাকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দৌলতপুর মহসিন স্কুল থেকে ১৯৬৭ সালে মেট্রিক এবং ১৯৬৯ সালে বিএল কলেজ থেকে আইএসসি পাস করেন। ১৯৬৯-৭০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় ব্যক্তিগত ক্যারিয়ার ও আত্মপ্রতিষ্ঠার পথ ত্যাগ করে বিপ্লবী রাজনীতিতে আত্মনিয়োগ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সকল রূপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রেখে মার্কসবাদ-লেনিনবাদের আদর্শ প্রতিষ্ঠায় নিরলস ভূমিকা পালন করেন।
দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভোগার পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে খুলনায় তাঁকে সমাহিত করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |