কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বিজিবি। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ মে রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কামারপাড়া গোরস্থান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ রুবেল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ১০ বোতল মদ ও ৫ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৭ হাজার টাকা।
এরপর একই দিন রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির আওতাধীন পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ এবং ১ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৭২ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, ১১ মে দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে জামালপুর বিওপির প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১০ দশমিক ৭ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ৫৩ হাজার ৫০০ টাকা।
একই রাতে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত আরেক অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৪৩ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব জালের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |