কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দীপ্ত অঙ্গীকার নিয়ে পথচলার ৩৫ বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এন এস রোড সংলগ্ন পাবলিক লাইব্রেরির নিচতলায় অবস্থিত এসকে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হন জেলার সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। আনন্দঘন পরিবেশে উদযাপিত এ আয়োজন যেন এক মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগের সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার। তিনি বলেন,“গণমাধ্যম সমাজের দর্পণ। দীর্ঘ ৩৫ বছর ধরে ভোরের ডাক বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
বিশেষ অতিথিদের বক্তব্যেও উঠে আসে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব ও বর্তমান সময়ে সত্য সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জের কথা। বক্তব্য দেন দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা, বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, নিলুফা আক্তার, তহিদুল ইসলাম, মো. সেলিম আহমেদ, শেখ আক্তার, খালিদ বিন শওকত, বক্কর রহমান বাপ্পি, মো. রফিকুল ইসলাম ও মোঃ মুনজুরুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে তথ্যের বিস্তৃত প্রবাহের মধ্যেও সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরাই সংবাদপত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে ভোরের ডাক সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছে বলেই পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মুকুল খসরু। আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আন্তরিকতা, সৌহার্দ্য ও সাংবাদিকতার প্রতি গভীর ভালোবাসায় উদযাপিত এ আয়োজন উপস্থিত সকলের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার করে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |