| বঙ্গাব্দ
ad728
ad728

কুমারখালীর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে টোল পুনরায় চালু, টোল প্লাজায় যানজট, আন্দোলনের ডাক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 11078 বার পঠিত
কুমারখালীর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে টোল পুনরায় চালু, টোল প্লাজায় যানজট, আন্দোলনের ডাক
ছবির ক্যাপশন: কুমারখালীর সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে টোল পুনরায় চালু, টোল প্লাজায় যানজট, আন্দোলনের ডাক

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সৈয়দ মাছ-উদ-রুমী সেতুতে দীর্ঘ ২১ মাস পর পুনরায় টোল আদায় শুরু হওয়ায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ও ধীরগতির চলাচল জনদুর্ভোগ বাড়াচ্ছে, অন্যদিকে টোল আদায়ের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

গত সোমবার রাত থেকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের এই সেতুতে টোল আদায় কার্যক্রম পুনরায় চালু করে ইজারাদার প্রতিষ্ঠান। মঙ্গলবার ১৯ মে বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, টোল প্লাজার সামনে ধীরগতিতে চলছে যানবাহন, ফলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। ভাঙা টোল ঘরের সংস্কার কাজ চলমান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) গড়াই নদীর ওপর এই সেতুটি নির্মাণ করে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট টোল আদায় বন্ধের দাবিতে আন্দোলনের মুখে টোল প্লাজায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে ১৩ আগস্ট টোল আদায় পুনরায় চালুর চেষ্টা করলে স্থানীয় ছাত্র-জনতার বাধার মুখে তা স্থগিত করা হয়। এরপর দীর্ঘ ২১ মাস সেতুতে টোল আদায় বন্ধ ছিল, এতে সরকারের অন্তত ১৮ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

নতুন করে টোল চালু করতে চলতি বছরের ১০ মার্চ দরপত্র আহ্বান করে সওজ। এতে কুষ্টিয়ার স্থানীয় প্রতিষ্ঠান ‘থ্রি স্টার এগ্রো ইন্ডাস্ট্রিজ’ ২৩ কোটি ৭৫ লাখ টাকায় টোল আদায়ের দায়িত্ব পায়। বর্তমানে জনগণের দাবির প্রেক্ষিতে দুই ও তিন চাকার যানবাহনকে টোলমুক্ত রেখে অন্যান্য যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আশরাফ হোসেন জানান, “সরকারি নির্দেশনা ও স্থানীয়দের দাবির প্রতি সম্মান জানিয়ে আপাতত দুই ও তিন চাকার যানবাহনকে টোলের আওতার বাইরে রাখা হয়েছে। এখন পর্যন্ত টোল আদায়ে তেমন কোনো বাধা আসেনি।”

অন্যদিকে কুমারখালী সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিরোন শেখ ও সদস্য লিটন শেখ বলেন, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল থ্রি-হুইলারকে টোলমুক্ত রাখা। প্রশাসন সেই দাবি মেনে নিয়েছে। তবে ভবিষ্যতে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হলে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হবো।”

তবে টোল বৃদ্ধির অভিযোগ তুলেছেন ভারী যানবাহনের চালকরা। ট্রাকচালক মো. মাহফুজুর রহমান বলেন, “আগে যেখানে ১৫০ টাকা টোল দিতে হতো, এখন সেখানে ১৮০ টাকা নেওয়া হচ্ছে। এত বছরেও কি সেতুর নির্মাণ খরচ ওঠেনি? আমরা কুষ্টিয়ায় টোল আদায় বন্ধ চাই।”

এদিকে টোল আদায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আজ বুধবার বিকেল ৪টায় টোল প্লাজা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি। জেলা কমিটির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, “দীর্ঘদিন টোল আদায় বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। সম্প্রতি আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর টোল আদায় পুনরায় চালু করা হয়েছে।”

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী সেতুতে টোল আদায় শুরু হয়েছে। বর্তমানে কোনো বড় ধরনের বাধা নেই। তবে কোনো চ্যালেঞ্জ দেখা দিলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গুরুত্বপূর্ণ এই সেতুকে ঘিরে টোল পুনর্বহাল নিয়ে জনমনে যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা নিরসনে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপরও জোর দেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম