কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে আবারও সফলতার স্বাক্ষর রেখেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। টানা নজরদারি ও পরিকল্পিত অভিযানে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ মে ২০২৬ ভোররাতে কুষ্টিয়ার ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি চৌকষ টহল দল। ধর্মদাহ মাঠ এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৫৯ বোতল ভারতীয় কীটনাশক ও ১,৭৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭১ হাজার টাকা।
এর আগে, ২২ মে বিকেলে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর মন্ডলপাড়া মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে উদ্ধার করা হয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫২ প্যাকেট পাতার বিড়ি। এ চালানের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।
একই দিনে দুপুরে কাজিপুর বিওপির মথুরাপুর রিফুজিপাড়া সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অপরদিকে, রাত সাড়ে নয়টার দিকে মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ ডাংমড়কা মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮৪ হাজার ৬০০ টাকা।
উদ্ধারকৃত এসব মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৯০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এসব সফল অভিযান পরিচালিত হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |