কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক তিনটি সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বাংলাদেশি কীটনাশক (এলবা) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে চলমান গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জুলাই দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর বর্ডারপাড়া মাঠে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে মালিকবিহীন অবস্থায় রাখা ১৯৮ বোতল বাংলাদেশি কীটনাশক (এলবা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কীটনাশকের আনুমানিক সিজার মূল্য ৫৭ হাজার ২৪ টাকা।
একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কান্দিরপাড়া এলাকায় আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ দশমিক ৩ কেজি ভারতীয় গাঁজা এবং ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে বিজিবি। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার ১৫০ টাকা।
এদিকে, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে জামালপুর বিওপির একটি টহল দল মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার ডাংমড়কা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |