| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ১১ দলীয় ঐক্যের মিছিল-সমাবেশ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 05-08-2026 ইং
  • 199 বার পঠিত
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ১১ দলীয় ঐক্যের মিছিল-সমাবেশ
ছবির ক্যাপশন: জুলাই সনদের বাস্তবায়ন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঐক্যের বিকল্প নেই’

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিছিল ও সমাবেশ। গণঅভ্যুত্থানের অর্জন সংরক্ষণ, জুলাই সনদের বাস্তবায়ন এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আহত জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিজয় উল্লাস চত্বর মুখর হয়ে ওঠে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে বড় বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা বলেন, "জনগণের দীর্ঘ লড়াই, ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই বিজয়কে সংহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্য রাজপথে থেকেই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখবে। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতেই হবে। বহু ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে যে ফ্যাসিবাদকে বিদায় দেওয়া হয়েছে, সেই অধ্যায়ের পুনরাবৃত্তি এ দেশের মানুষ আর দেখতে চায় না।"

বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দীন জোয়ার্দার, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি, এবি পার্টির নেতা বেলাল মাহমুদ এবং আহত জুলাই যোদ্ধাদের নেতা উল্লাস হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। বক্তারা গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জাতীয় ঐক্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় তুলে ধরা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম